বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবার নতুন পরিচয়ে সবার সামনে
আসছেন। রাজধানীতে বসবাসরত মানুষের ২৪ ঘণ্টার খাবারের ব্যবস্থা করছেন তিনি।
আজ শনিবার চালু হচ্ছে তাঁর এই রেস্তোরাঁ। মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে
তেমনটাই জানালেন রিয়াজ।
এরপরই প্রথম আলোর সঙ্গে কথা হয় রিয়াজের।
জানালেন, ‘ফুড টোয়েন্টিফোর.সেভেন’ নামের রেস্তোরাঁটির পরিচালক, বিপণন
হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
চিত্রনায়ক রিয়াজ পরিচালিত ‘ফুড
টোয়েন্টিফোর-সেভেন’ নামের রেস্তোরাঁটির অবস্থান রাজধানীর বসুন্ধরা আবাসিক
এলাকার মূল ফটকের পাশে। ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন ঢাকায়
নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ এজ্জাত।
রিয়াজ বলেন, ‘ভোজনরসিক
ঢাকাবাসীর কথা ভেবেই ২৪ ঘণ্টা খোলা থাকবে আমাদের রেস্তোরাঁ। এখানে খাবারের
সার্বিক দায়িত্বে থাকছেন শেফ টনি খান। আমাদের রেস্তোরাঁর রান্নাঘর থাকবে
ক্যামেরার আওতায়। এর মাধ্যমে সব ক্রেতা রান্না ঘরের দৃশ্য দেখতেও পারবেন।
আমরা স্বাস্থ্যসম্মত খাবার রাখছি। টনি খান আমাদের রেস্তোরাঁর জন্য
ভিন্নধর্মী কিছু খাবারের চিন্তা করেছেন, যা এখানে এলে সবাই জানতে পারবেন।
দামও থাকবে সবার আয়ত্তের মধ্যে।’
হঠাৎ করে রেস্তোরাঁ ব্যবসার প্রতি
আগ্রহী হলেন কেন জানতে চাইলে রিয়াজ বলেন, ‘ভাবলাম অভিনয়ের পাশাপাশি
অন্যকিছু করা প্রয়োজন। এরপর অনেকটা যেই ভাবা সেই কাজ।’

Post a Comment