প্রেমের বিড়ম্বনা
|
আপডেট: ০২:০০, আগস্ট ৩১, ২০১৫
|
গার্লফ্রেন্ড তার দুই আঙুলের একটা ছবি পাঠিয়ে নিচে লিখেছে, ‘কেটে ফেলছি!’ সঙ্গে একটা কান্নার ইমোও দিয়েছে! কিন্তু আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও তার হাতে কেটে যাওয়ার মতো কোনো দাগ পেলাম না! তবে যেহেতু গার্লফ্রেন্ড, সত্যিটা বলা যায় না! তাই যা বলার তা-ই বললাম, ‘ওহো রে আমার জানটা, ইশ্ কতখানি কেটে গেছে? অনেক রক্ত বের হয়েছে, তাই না, বাবু? খুব কষ্ট হচ্ছে তোমার? ডাক্তারের কাছে গেলে নিশ্চিত দুই-তিনটা সেলাই দিয়ে দিত!’
মেসেজ পাঠানোর পর গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা রাগের ইমো পাঠাল! আর বলল, ‘আমার আঙুল কাটে নাই! আমি নখ কেটেছি, সেটা দেখিয়েছি তোমাকে! আমাকে এভাবেই পাম দাও তুমি, তাই না? মিথ্যুক কোথাকার! এভাবে পাম দিয়ে আর কয়টা মেয়েকে পটিয়েছ তুমি, শুনি!’
কিছুদিন পর
আবারও গার্লফ্রেন্ড তার হাতের আঙুলের ছবি পাঠিয়েছে। ক্যাপশনও একই। এবার ভালো করে লক্ষ করলাম, হাতের কোথাও কাটা নেই, নখে নজর দিলাম, নখও ছোট ছোট। তাই ভাবলাম কাহিনিও মনে হয় একই রকম! তাই মেসেজে লিখলাম, ‘কেটেছ? বাহ্, এবার খুব ভালো লাগছে, আরও আগেই কাটা দরকার ছিল! এত দেরি করলে কেন কাটতে?’
তবে এবারও গার্লফ্রেন্ড বিশাল বড় একটা আগুনের গোল্লার ইমো পাঠিয়ে লিখল, ‘কী, আমার হাত কাটায় তোমার ভালো লাগছে? আমার আরও আগে হাত কাটা দরকার ছিল? লাগবে না আমার তোমার মতো প্রেমিক! ব্রেকআপ তোমার সঙ্গে! গোল্লায় যাও তুমি!’
Post a Comment